গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাল উদ্দিন (৫০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজ মালিক মারা গেছেন। বৃহস্পতিবার (৮জুলাই) দুপুুর সোয়া দুইটার দিকে ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের রওশন আলীর ছেলে। নিহতের প্রতিবেশী আলহাজ ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান জানান, আলাল উদ্দিন কয়েকটি অটোরিকশা কিনে তা স্থানীয় চালকদের কাছে ভাড়া দিতেন। অটোরিকশাগুলো চার্জ দেয়ার স্থানে একটি তার বিদ্যুতায়িত অবস্থায় ছিল। অসাবধানতায় তিনি সেই তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।